কুয়ালালামপুরে সাংবাদিকতার অভিজ্ঞতা ও অভিবাসনের বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভা

মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে ‘সাংবাদিকতার অভিজ্ঞতা ও অভিবাসনের বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুর চৌকিট এলাকায় মোনাল রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান।

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম রতন।

মতবিনিময় সভায় বক্তব্যে ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ‘বাংলাদেশের কৃষক, প্রবাসী ও তৈরি পোশাক শিল্পের কর্মীরাই অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রবাসীরাই পারবেন বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিতে, আরো শক্তিশালী করতে। দক্ষিণ কোরিয়াকে বদলেছেন প্রবাসীরা, ভিয়েতনামের অর্থনীতিতে পরিবর্তন এনেছে প্রবাসীরা, ফিলিপাইনে পরিবর্তন ঘটিয়েছেন ওই প্রবাসীরাই। বৈধপথে ও নিরাপদ অভিবাসন এবং প্রবাসীদের সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের বর্তমান প্রবাসীকল্যাণ মন্ত্রী অনেক আন্তরিক। কিন্তু কম খরচে মালয়েশিয়ায় লোক পাঠানো উনার একজনের পক্ষে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব না, অতীতের অভিজ্ঞতা তা-ই বলে। জনশক্তি রপ্তানির সাথে জড়িত শীর্ষ ব্যক্তিদেরও আন্তরিকতা দরকার। আমাদের সবার আন্তরিকতা ও সতততার মাধ্যমে এবং মানবিকতার মাধ্যমে নিরাপদ ও কম খরচে অভিবাসন সম্ভব হবে। যার-যার জায়গা থেকে সৎ না হলে পরিবর্তন সম্ভব নয়।

অভিবাসী কর্মীদের জন্য ব্র্যাকের কার্যক্রম তুলে ধরে শরিফুল হাসান বলেন, “ব্র্যাকে যোগদানের আগে আমি সাংবাদিক করতাম। একদিন আমাকে আমার এক্সিকিউটিভ ডিরেক্টর(ব্র্যাকের) বলেন, আপনি প্রবাসীদের সমস্যা নিয়ে ভালো লেখেন, লিখলে চেঞ্জ হয়, ব্র্যাকে জয়েন করলে আপনি সরাসরি করতে পারবেন। ব্র্যাকে জয়েন্ট করেন।’ সেই থেকে ব্র্যাকে আছি।

গত নয় বছরে আমরা ৪২ হাজার মানুষকে সেবা দিয়েছি, যারা মালয়েশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে একদম শূন্য হাতে দেশে ফেরত গেছেন। ওদের কাউকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া, অনেক সময় প্লেনে ডিপোর্টেশন সেন্টার থেকে উঠায় দেয়, উনি কথা বলতে পারেন না। মানসিকভাবে অসুস্থ হয়ে দেশে ফেরা অনেক প্রবাসী এয়ারপোর্টে প্লেন থেকে নামে ও জানে না ওর বাড়ি কোথায়। বিমান থেকে বের হওয়ার পর ও জানে না কই যাবে। আমাদের লোক তাদের সেই মেকানিজমটা আমরা তৈরি করতে করতে এখন বলতে পারি, আপনার যদি যে কেউ মনে করে মালয়েশিয়া থেকে কোনো ডিজেবেল, পঙ্গু, অসহায় মানুষ যায়, তাদের যদি সাপোর্ট লাগে, আমাদের বলবেন; আমরা তাদের দায়িত্ব নেওয়ার জন্য ২৪ ঘণ্টা এয়ারপোর্টে থাকতে পারব, তাকে রিসিভ করতে পারব। প্রবাস ফেরতদের প্রয়োজনে আমরা কাউন্সিলিং করায়, দুই-আড়াই লাখ টাকা দিয়ে তাদের একটু ছোট ছোট ব্যবসা এস্টাবলিশ করে দিই, যেন সে কিছু করতে পারে। এই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা এ বছর ডায়াসপোরা, মানে প্রবাসে যারা থাকেন, তাদের কথা শোনার চেষ্টা করছি। আমরা চাই যে, এই সমস্ত প্রবাসীদের যদি আমরা একটা নেটওয়ার্কের মধ্যে আনতে পারতাম, তাহলে ভালো হয়। ‘

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধির মোস্তফা ইমরান রাজু বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংখ্যা ও অবদান বাড়লেও তাঁদের সামাজিক মর্যাদা সেই অনুপাতে বাড়েনি। দেশটিতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ শ্রমশক্তি হিসেবে কাজ করছেন। কিন্তু বাংলাদেশিদের নিয়ে নেতিবাচক প্রচারণা ও কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, কুয়ালালামপুরের বাইরে পেনাং ও জোহর বারুর মতো গুরুত্বপূর্ণ এলাকায় কনস্যুলার সেবা আরও সম্প্রসারণ করা প্রয়োজন। প্রবাসীদের অভিযোগ, বিভিন্ন সমস্যায় দূতাবাসের সহযোগিতা চাইলেও অনেক ক্ষেত্রে প্রত্যাশিত সেবা পাওয়া যায় না।

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন প্রতিনিধি ও প্রবাসী ব্যবসায়ী রুহুল আমিন সরকার বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কাজের চাহিদা রয়েছে। অনেক নিয়োগকর্তাই বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং কর্মী ব্যবস্থাপনার দুর্বলতার কারণে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফুল মামুন বলেন, মালয়েশিয়ায় কিছু বাংলাদেশি ব্যবসায়ী রাতারাতি কোম্পানি প্রতিষ্ঠা করে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক নিয়ে আসেন। কিন্তু তাঁদের সবার জন্য কাজের ব্যবস্থা করতে পারেন না। গত কলিং এ কোনো কোনো ক্ষেত্রে ৫০০ শ্রমিক আনার পরও পর্যাপ্ত কাজ দিতে ব্যর্থ হওয়ার ঘটনা ঘটেছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন কমিউনিটির প্রতিনিধিরা। বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম খোকন বলেন, অনেক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে ভিসা ও বৈধতার জটিলতায় রয়েছেন। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা করছেন না। আবার ভুয়া কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী আনার অভিযোগও রয়েছে। শিক্ষার্থী ভিসায় এসে পড়াশোনার পরিবর্তে অন্য কাজে যুক্ত হওয়ার প্রবণতা বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থী পাঠানোর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের মান, ভর্তি প্রক্রিয়া এবং ভিসার উদ্দেশ্য যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

সভায় এখন টিভির মালয়েশিয়া প্রতিনিধি শাহরিয়ার তারেকও শিক্ষার্থী ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রলোভনে পড়ে মালয়েশিয়ায় আসছেন। পরে পড়াশোনা ও বৈধতা নিয়ে জটিলতায় পড়ছেন।

সভায় উপস্থিত নির্মাণশ্রমিক ও স্যোশাল এক্টিভিস্ট জলিল আহমেদ বলেন, মালয়েশিয়ায় একজন শ্রমিকের ভালো থাকা অনেকাংশে নির্ভর করে তাঁর নিয়োগকর্তার ওপর। নিয়োগকর্তা ভালো হলে পরিস্থিতি ভালো থাকে, অন্যথায় নানা ধরনের সমস্যায় পড়তে হয়।

এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক রফিক আহমদ খান, কবির আহমেদ,মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম, হোসেন জনি, ছাত্র প্রতিনিধি, আসিফ রহমান, আদিবা, আব্দুলর রহমান শাফি, মোঃ আনোয়ারুল ইসলাম খোকন, মেহেদী হাসান জ্যাক, শেখ সাবের, প্রবাসী উদ্যোগতা কোহিনূর জোয়াদ্দারসহ প্রবাসী প্রতিনিধিরা।

পড়ুন : সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন