‘জুলাই গণঅভ্যুত্থান: স্মৃতি, শ্রদ্ধা ও প্রত্যয়ের সন্ধ্যা’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালা উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং আহতদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
পড়ুন : ফিরে দেখা জুলাই ৩২: জামায়াত নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, বিক্ষোভে উত্তাল দেশ
সা/


