হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শুনা যাচ্ছে সাবেক মন্ত্রী রবিউল মোকতাদিরকে জামিন দেওয়া হবে। তা জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল হয়ে যাবে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শাপলা চত্ত্বরে গণহত্যা, মোদী বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যার ঊবায়দুল মোকতাদির সহ সকল আওয়ামী খুনিদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এরআগে, জেলা শহরের কান্দিপাড়ায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের আহবানে ও কওমী ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, আলেম ও তৌহিদী জনতাসহ ১৫ জন শহীদ হয়েছেন। এক ১৫জনকে হত্যার মূলহোতা রবিউল মোকতাদির। তারা যদি বিচারের সম্মুখীন না হয় তাহলে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো। রবিউল সহ সকল দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। শুনা যাচ্ছে ওই লোক নাকি জামিনে আসতে পারে। আপনারা পরিস্কার জেনে রাখুন, যদি জামিনে আসে ব্রাহ্মণবাড়িয়া অচল হয়ে যাবে।
তিনি বলেন, আমরা এই সমাবেশ থেকে ২০০১, ২০১৩, ২০১৬ ও ২০২১ সালে হত্যাকান্ডের বিচার দাবি করছি। বর্তমান সরকারের কাছে উদাত্ত আহবান জানাবো, সমস্ত দোষীদের বিচার করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া বড় মজলুম। ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র-আলেমরা সব সময় রক্ত দেয়, জীবন দেয়, তারপরও বাতেলের সাথে কোন আপোষ করেনি।
তিনি আরও বলেন, আল্লাহতালা জালিমকে ছাড়েন। তাকে একদিন না একদিন বিচারের সম্মুখীন হতেই হবে। অন্যায় ভাবে একজন মুসলমানকে হত্যা না করে পৃথিবী শেষ হয়ে যাক, তা আল্লাহর কাছে সহজ। একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না।
ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সিনিয়র সহসভাপতি বোরহান কাসেমী, সহ-সভাপতি মুফতি মারুফ কাসেমী,আল্লামা তানভীরুল হক সিরাজী, খতমে নবুওয়াত মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ইকবাল সিরাজি, মুফতি জাকারিয়া খান, মুফতি ইউসুফ ভুইয়া ও মাওলানা বেলাল হোছাইন প্রমুখ।
পড়ুন:হবিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত-ছিনতাইকারী রিপন ওরফে ইমন গ্রেপ্তার
ইমি/


