মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। এ উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও মানবাধিকার কর্মী বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও ভোকেশনাল মাঠে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, মুখপাত্র ও সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিকের আয়োজনে ‘মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দমনে করণীয় এবং মানবাধিকার রক্ষায়’ শীর্ষক আলোচনা সভা ও মানবাধিকার কর্মী বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান কবির মঞ্জিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থাটির কেন্দ্রীয় পরিচালক ও জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পারভেজ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিপুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম শহিদুর রহমান, স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা বেলাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হতে হবে।
তারা আরও বলেন, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠা একটি সুন্দর ও নিরাপদ সমাজের অন্যতম ভিত্তি। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম, মানবাধিকারকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মরাকান্দি নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা এনামুল হক আজাদীসহ একাধিক ব্যক্তিকে সংস্থাটির পরিচয়পত্র গলায় পরিয়ে মানবাধিকার কর্মী হিসেবে বরণ করে নেওয়া হয়।
বক্তারা তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে স্থানীয় পর্যায়ে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

