জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের মূল ফটকের সীমানা প্রাচীরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শোক দিবসের ব্যানার। কলেজের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ব্যানার কীভাবে টাঙানো হলো সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ আগষ্ট) সকালে সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকের পাশের দেয়ালে কালো রঙের একটি ব্যানার টানানো রয়েছে। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারের ওপরে লেখা রয়েছে, শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন। এছাড়া ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে নিচে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা, জামালপুর উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে নজর কেড়েছে ব্যানারের পটভূমি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি সংবলিত দেয়ালে লেখা ‘আমার ভাই মরলে কেন বিচার চাই এবং কিছু বুঝি না রাজনীতি, চাই একটি শান্তি ঠিক এই স্লোগানগুলোর ওপরই নিষিদ্ধ সংগঠনটির ব্যানারটি সাঁটানো হয়।
স্থানীয়দের ধারণা- জনরোষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গভীর রাতে বা শেষ ভোরে গোপনে ব্যানারটি টাঙিয়ে চম্পট দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ কে কয়েকবার ফোন দেয়া হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন- এ বিষয়টি আমি এখনো জানি না। নিষিদ্ধ সংগঠন, তারা তো ঐ গুপ্তভাবে সারা বাংলাদেশেই কাজ করতেছে। আমরা ছাত্রদলসহ সকল ছাত্র সংগঠনগুলি সর্বদাই একটিভ আছি। এখন রাতের অন্ধকারে তারা যেহেতু লাগাইছে, তো আমরা আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ থাকবে। ইনশাআল্লাহ আশা করি যে এর পর থেকে এরকম কার্যক্রম আর জামালপুরের কোথাও ঘটতে দেওয়া হবে না ছাত্রলীগকে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন- ‘আমি এ বিষয়ে অবগত নই। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
পড়ুন : চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়া, নিহত বেড়ে ৭
সা/


