জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে মো. বাদশা (২৫) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৯) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
নিহত বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের মো. জামালের ছেলে। আহত মাজেদুল একই গ্রামের বাসিন্দা।
আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার আজিমুল হক ও পাম্পের কর্মচারী সাইফুল ইসলাম সজীব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ ফিলিং স্টেশনে চুরি বা অবৈধ প্রবেশের সন্দেহে বাদশা ও মাজেদুলকে আটক করা হয়। পরে তাদের একটি পোল্ট্রি খামারে নিয়ে রাতভর বেধড়ক মারধর ও নির্যাতন চালানো হয়। এতে তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা মূল ঘটনা ধামাচাপা দিতে হাত-পা বাঁধা অবস্থায় তাদের ক্ষেতলালের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরেরদিন ভোরে হাত-পা বাঁধা অবস্থায় তাদের দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
আহত মাজেদুল ইসলাম জানান, চুরি করার বিষয়টি বারবার অস্বীকার করা সত্ত্বেও তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয় এবং অপরাধ স্বীকার করতে চাপ দেওয়া হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে জ্ঞান ফিরলে পাশে বাদশার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন জানান, হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার ও এক কর্মচারীকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পড়ুন : শশীভুষন থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সম্রাট রুবেল সহ দুই মাদককারবারি আটক


