বিজ্ঞাপন

দুর্গাপুরে সিপিবির মানববন্ধন: আমেরিকার সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি বাতিলের দাবি

আমেরিকার সঙ্গে সম্পাদিত তথাকথিত ‘জাতীয় স্বার্থবিরোধী’ চুক্তি বাতিলের জোর দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রবিবার (১৬ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সিপিবি উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর। উপজেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের স্থানীয় সভাপতি সায়মন মিয়া। এছাড়াও কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন এবং আদিবাসী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, নির্বাচনের মাত্র দুই দিন আগে ইউনুস সরকার এমন একটি দেশবিরোধী চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। বক্তারা গুরুতর অভিযোগ করে বলেন, “ইউনুস আমেরিকার দালাল হিসেবে কাজ করছেন এবং তিনি সেন্টমার্টিন দ্বীপের অর্ধেক বিক্রি করে দিয়েছেন।”

সম্প্রতি দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে সিপিবির নেতারা বলেন, এগুলো কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। এসব শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এমন হত্যার দায় কোনোভাবেই ইউনুস এড়াতে পারেন না। তাদের দাবি, আমেরিকার সঙ্গে করা চুক্তির মাধ্যমে দেশে বিষাক্ত খাবার আমদানির ব্যবস্থা করা হয়েছে, যা স্বাধীন বাংলাদেশকে নতুন করে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করার শামিল। এদেশের সাধারণ মানুষ এই চুক্তি কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচি থেকে জাতীয় সম্পদ রক্ষা প্রসঙ্গেও কড়া বার্তা দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া এবং দেশের ৪৪টি শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় তুলে দেওয়ার তীব্র সমালোচনা করেন বক্তারা। তারা স্পষ্ট জানিয়ে দেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে করা যেকোনো চুক্তি বাংলার মানুষ রুখে দাঁড়াবে।

পরিশেষে, অবিলম্বে আমেরিকার সঙ্গে করা সকল স্বার্থবিরোধী চুক্তি বাতিল করার জন্য বর্তমান বিএনপি সরকারের প্রতি জোর দাবি জানান সিপিবির নেতারা। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সেবার মান উন্নয়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন