পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে বের করা হয়েছে এক সুবিশাল ও বর্ণাঢ্য জশনে জুলুস। ‘আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত’-এর উদ্যোগে আজ অত্যন্ত ভাবগম্ভীর ও আনন্দমুখর পরিবেশে এই ধর্মীয় র্যালি অনুষ্ঠিত হয়।
মিলাদুন্নবী উপলক্ষে সকাল থেকেই শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে জিকির ও সালাত-সালাম সহকারে খণ্ড খণ্ড মিছিল এসে জমা হতে থাকে ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে মাঠে। বেলা ১০টার মধ্যেই বিশাল এই মাঠটি বিভিন্ন বয়সের আবালবৃদ্ধবনিতার এক বিশাল সমাগমে পরিণত হয়।
পরবর্তীতে প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে জশনে জুলুসটি রেলওয়ে মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরিয়া র্যালিটি পুনরায় একই মাঠে এসে শেষ হয়। জুলুস চলাকালে নাত-এ-রাসুলের ধ্বনি ও নারায়ে তাকবিরের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো সৈয়দপুর শহর।
ঐতিহাসিক এই জশনে জুলুসের নেতৃত্ব দেন সৈয়দ শাহ আহমেদ জামাল আশরাফ আশরাফী আল জিলানী। জুলুস শেষে রেলওয়ে মাঠে প্রিয়নবী (সা.)-এর পবিত্র জীবনী ও সুন্নাহর ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়। সর্বশেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
পড়ুন : পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু
সা/


