লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ১৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার এবং দেশ গঠনে ভূমিকা রাখার শপথ করানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী এবং উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামীর বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি মেধাবী প্রজন্ম। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ তৈরি করতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও কারিকুলাম পরিবর্তনের পাশাপাশি জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়েও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশের সন্তানরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে মাদকমুক্ত রাখতে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করানো হয় এবং মেধাবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পড়ুন : পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু
সা/


