বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে একটি কাঠের ইঞ্জিন চালিত ট্রলার ও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
কোস্ট গার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।
অভিযানের একপর্যায়ে একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় ইঞ্জিন চালিত একটি ট্রলার থেকে ৩৫০ কেজি হরিণের মাংস ও তিনটি হরিণের চামড়া এবং একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। পরে এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম নাম এক ব্যক্তিকে আটক করা হয়।
কোস্ট গার্ডের তথ্যমতে, উদ্ধার করা হরিণের মাংসের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এছাড়া তিনটি হরিণের চামড়ার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা এবং হরিণের মাথার মূল্য প্রায় ১ হাজার টাকা। এ সময় মাংস পরিবহনে ব্যবহৃত কাঠের ট্রলারটিও জব্দ করা হয়।
আটক ব্যক্তি ও জব্দ করা হরিণের মাংস চামড়া, মাথা এবং কাঠের ট্রলার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, এ ঘটনায় বন বিভাগের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানতে চাইলে পাথরঘাটা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান সোহাগ বলেন পাথরঘাটা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক এবং পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন এর কর্মকর্তাদের উপস্থিতিতে উল্লিখিত মাংস, মাথা ও চামড়া মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
পড়ুন : চেকপোস্টে পিকআপ তল্লাশি, মিলল ইয়াবা-পিস্তল


