শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরল শৈশবের স্মৃতি

0
3
বিজ্ঞাপন

একসময় যে বিদ্যালয়ের বেঞ্চে বসে শুরু হয়েছিল শিক্ষাজীবনের পথচলা, দীর্ঘ বছর পর সেই প্রিয় বিদ্যালয়েই আবার মিলিত হলেন বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীরা। গল্প, আড্ডা, স্মৃতিচারণ আর পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা করার আনন্দে মুখর হয়ে ওঠে পটিয়া মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ।

বিদ্যালয়ের ১১২তম পদার্পণ উপলক্ষে শনিবার দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে বিদ্যালয়টিতে পড়াশোনা করা প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক শিক্ষকরা এ আয়োজনে অংশ নেন।

প্রাক্তন ছাত্র মিশকাত আহমেদের সঞ্চালনায় এবং পুনর্মিলনী পরিষদ-২০২৬-এর আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।

এসময় এনামুল হক এনাম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়, এটি একটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কারিগর। মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছরের পথচলা পটিয়ার শিক্ষা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি পটিয়াকে শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. জালাল উদ্দীন, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্হার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, শাহজাহান চৌধুরী, ইদ্রিস পানু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদ, প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা, সাবেক প্রধান শিক্ষিকা নাজমুন নাহার ও আক্তারুজ্জামান বাবলুসহ অনেকে।

দিনব্যাপী আয়োজনে আলোচনা, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই ফিরে যান শৈশবের দিনগুলোতে। কেউ স্মরণ করেন বিদ্যালয়ের প্রিয় শিক্ষকদের, কেউবা দীর্ঘদিনের বিচ্ছিন্ন বন্ধুর সঙ্গে দেখা হওয়ার আনন্দ ভাগাভাগি করেন।

আয়োজকদের ভাষ্য, ১১২ বছরের ঐতিহ্যকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের বন্ধন আরও শক্তিশালী করা এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই এ পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।

পড়ুন : জমি বিরোধে সোনারগাঁয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.