গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রকে আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জরাজীর্ণ পুরনো ভবনটি ভেঙে সেখানে একটি তিনতলা আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা রেখে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সেবা চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রটি পরিদর্শনে যান গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ডিডি) আবু তাহের মো. সানাউল্লাহ নূরী। পরিদর্শন শেষে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই কেন্দ্রটির এই সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। এখানে নিয়মিত ডাক্তার ও নার্স অবস্থান করবেন এবং প্রসূতিদের জন্য নরমাল ডেলিভারির বিশেষ সুবিধা থাকবে।
বর্তমানে ব্যবহৃত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করার আশ্বাস দেন গাজীপুর জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী রোজিনা আক্তার।
পরিদর্শন ও মতবিনিময়কালে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক আবু নাসের, সাংবাদিক আতিকুর রহমান, স্থানীয় বিএনপি নেতা এম এ গণি মৈশাল, আইনাল হক মৈশাল, অ্যাডভোকেট মামুনুর রশিদ, মো. সফিকুল ইসলাম, মো. বিল্লাল হোসেন নিমাইসহ স্থানীয় গণমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পড়ুন:রাজশাহীতে বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ
ইমি/


