বিজ্ঞাপন

অটোপাসের যুগ শেষ, পড়াশোনা করেই পাস করতে হবে : এমপি এনাম

বিজ্ঞাপন

‘অটোপাসের যুগ শেষ, এখন পড়াশোনা করেই পরীক্ষায় পাস করতে হবে’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় দেশব্যাপী ২৫ কোটি চারা গাছ রোপণের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। প্রথম দফায় বিদ্যালয়টির ৫০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

এনামুল হক এনাম বলেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করছে। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড ভেঙে দিয়ে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। একসময় শিক্ষার্থীদের অটোপাস করানো হতো। এখন আর সেই সুযোগ নেই। পড়াশোনা করেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে এমপি এনাম বলেন, একটি সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপপরিচালক অধ্যাপক মুহাম্মদ একরামুল হক ও সচিব অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, সরকার শিক্ষার গুণগত পরিবর্তন আনতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যা শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক। আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে হলে বর্তমান প্রজন্মকে নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছের সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে।

পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দেন তিনি।

আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মেয়র নুরুল ইসলাম, এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোরশেদ আলম, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন এবং হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ আকতার ও শিক্ষক নুরুল আমিন।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে ৫০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ​ডিবি ওসিকে প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম পাবনায় রাজপথে সাংবাদিকরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন