নারী এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মেয়েদের কাছে ৪০ রানে হেরে গেছে টাইগ্রেসরা। তবে ম্যাচ ছাপিয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে নিগার সুলতানা জ্যোতির হাত না মেলানোর বিষয়টি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। বিষয়টি সামনে আসতেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকবাজকে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, জ্যোতির এই ঘটনাকে সম্পূর্ণ তার ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’। এ ঘটনায় বিসিবির কোনো নির্দেশনা ছিল না জানিয়ে এই বোর্ড পরিচালক স্পষ্ট করেছেন, বিসিবি সব দেশের সঙ্গেই সৌহার্দ্যপূর্ণ ক্রীড়াসুলভ সম্পর্ক বজায় রাখতে চায়।
গত বছর পুরুষদের এশিয়া কাপ থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটে হাত না মেলানোর ‘প্রথা’ শুরু। মূলত রাজনৈতিক উত্তেজনার কারণে এই দুই দলের অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা দেখা যাচ্ছে। এবার জ্যোতিও এমনটা ঘটানোয় বিষয়টি নতুন করে সামনে এসেছে।
এ বিষয়ে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তটি জ্যোতির একান্তই নিজস্ব। আমরা বিশ্বাস করি, খেলাধুলার মূল লক্ষ্য বিশ্বকে এক সুতোয় বাঁধা। আমরা শুধু ভারত নয়, সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তাই এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর সঙ্গে বোর্ডের কোনো সম্পৃক্ততা নেই।’
এদিকে জ্যোতির অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান। তবে এখনই কোনো তাড়াহুড়ো না করার ইঙ্গিত দিয়ে বিসিবির এই পরিচালক জানান, আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স মূল্যায়ন করেই জ্যোতির অধিনায়কত্বের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাবু আরও বলেন, ‘পারফরম্যান্স ও অভিযোগ দুটো বিষয় নিয়েই আমরা বোর্ড সভাপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু সামনে এশিয়ান গেমস আছে, তাই গেমস শেষ হওয়ার পর আমরা পুরো পরিস্থিতি মূল্যায়ন করবো। প্রথমে আমরা দেখবো এশিয়ান গেমসে দল কেমন করে। এরপর কী করা প্রয়োজন, সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দলের সামগ্রিক ঘাটতির কথা স্বীকার করে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা বড় দলগুলোর বিপক্ষে জিততে পারিনি। বিশ্বকাপেও ভালো খেলেছি, কিন্তু ছোটখাটো ভুলের কারণে হেরেছি। দলকে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য আমরা কাজ করছি। এশিয়ান গেমসের পর কী করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পড়ুন : রাশিয়ান মিসাইল হামলায় বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার বাড়ি


