শর্টফিল্মে অর্থ সংগ্রহের কথা বলে পরিচিত এক শেয়ার ব্যবসায়ীকে মারধর এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদাবাজির অভিযোগে চেন্নাইয়ের টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত শর্টফিল্মে বিনিয়োগের অনুরোধ করেন। তবে সেই প্রস্তাবে রাজি হননি ওই ব্যবসায়ী।
অভিযোগ অনুযায়ী, গত ২২ আগস্ট ভোরে বাইরে থেকে নিজের ছোট ঘরে ফেরেন তরুণ। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় এবং আরও দুজন। তারা ব্যবসায়ীকে মারধর করেন এবং জোর করে তার কাছ থেকে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেন।
পরে সঞ্জয়ের কাছ থেকে চাঁদাবাজির ফোন পেয়ে আরও অর্থ দিতে বাধ্য হন তরুণ। তিনি বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে তিন লাখ রুপি এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে দুই লাখ রুপি পাঠান। সব মিলিয়ে ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও সঞ্জয় তাকে ভয়ভীতি দেখাতে থাকেন। একই সঙ্গে আরও ২৭ লাখ রুপি দাবি করা হয়।
ঘটনার পর ব্যবসায়ী তরুণ অভিযোগ দায়ের করলে গুইন্ডি থানা পুলিশ মামলা করে তদন্ত শুরু করে। অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের সময় বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া যায়।
এরপর গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা অভিনেত্রী বর্ষিণীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আইফোনও বাজেয়াপ্ত করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।
এ ঘটনায় জড়িত অভিনেত্রীর অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
পড়ুন : শুক্রবার শিল্পকলায় “দুই পাখি ও নন্দিনী”র উদ্বোধনী মঞ্চায়ন
সা/


