সাভারের পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন অবস্থায় তিন যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে এগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে এ বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে।
পড়ুন : সরকারি ভাড়ার হিসাব একদিকে, পরিবহনে চলছে অন্য হিসাব
সা/


