চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে চালক মিঠুনের (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আলামিন (২৭) নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু দর্শনার পরানপুর গ্রামের বেলেমাঠ পাড়ার এনামুল হকের ছেলে। আহত আলামিন একই এলাকার শান্তিপাড়ার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালেূ দামুড়হুদার লোকনাথপুর- পরানপুর সড়কে মিঠু ও আলামিন মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে যাওয়ার সময় পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। গাছের সাথে তীব্র ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মিঠু মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মারাত্মক ভাবে আহত আলামিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহউদ্দিন জানায়, মোটরসাইকেলের গতি বেপরোয়া থাকার কারণে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পড়ুন : প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় মেরাজ গ্রেপ্তার


