বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগের বিষয়টি এবার সরকারি গেজেটেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পদত্যাগের দিন থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে।

এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়।

নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনাটি ঘটে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে। দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে দুই শতাধিক মানুষ সেখানে হামলা চালায়। হামলাকারীরা পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়।

ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশার নাম আসে। এলাকায় তারা ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে উল্লেখ করা হয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় সরকারের অস্বস্তির কথাও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। হামলা ও ভাঙচুরের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া কেন্দ্রটিকে আবার ব্যবহার উপযোগী করতে দ্রুতগতিতে সংস্কারকাজ চলছে।

তবে রাড্ডা কাণ্ডের মধ্য দিয়ে ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক পরিচয় নতুন করে আলোচনায় এলেও তার রাজনীতিতে পথচলা শুরু আরও আগে। কলেজ জীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি। রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্র সংসদের এজিএসের দায়িত্বও পালন করেন। পরবর্তী সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান।

মিষ্টির রাজনৈতিক পরিচয়ের সঙ্গে পারিবারিক রাজনৈতিক সম্পর্কও রয়েছে। লালবাগ থেকে নির্বাচিত বিএনপির প্রয়াত সাবেক এমপি এবং ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টু ছিলেন তার বড় ভাই।

তার স্বামী সাইদুর রহমান নিউটন ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিএনপির ২০০১-২০০৬ সালের শাসনামলে তিনি ওই দায়িত্বে ছিলেন। স্বামীর মৃত্যুর পর ফেরদৌসী আহমেদ মিষ্টি নিজেই নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর নির্বাচিত হন।

মিরপুরকে ঘিরেই তার রাজনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে সেখানে তার একটি রাজনৈতিক বলয় ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্ম নেওয়া ফেরদৌসী আহমেদ মিষ্টির বাবা হাজী মো. নিজামউদ্দিন আহমেদ এবং মা হাজী মোছা. হোসনে আরা আহমেদ। রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী।

পরবর্তী সময়ে বিএনপির মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ঘিরে তার নাম আলোচনায় আসার পর সেই সংসদ সদস্য পদই ছাড়তে হলো তাকে। বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর সরকারি গেজেটেও তার আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

পড়ুন: মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা: হুতিদের দায়ী করল সৌদি জোট

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন