ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির (প্রত্যর্পণ) মাধ্যমেই ফিরতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পলাতক ও সাজাপ্রাপ্ত এই আসামিকে কোনো নতুন পাসপোর্ট দেওয়া হবে না।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠিয়েছেন। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যে কেউ হাইকমিশনে যেকোনো কিছু লিখে পাঠাতে পারেন। আমিও হাইকমিশনে কিছু লিখে পাঠাতে পারি। কিন্তু তাতে আবেদনটির কোনো আইনগত বা প্রশাসনিক গুরুত্ব তৈরি হয় না। এর কোনো মূল্য নেই। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এমন আবেদন করতে পারেন না।”
শেখ হাসিনাকে কোনো সাধারণ ভ্রমণকারী বা পর্যটকের মতো বিবেচনা করার সুযোগ নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “প্রকাশ্য ও প্রমাণভিত্তিক বিচারের মাধ্যমেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি কোনো প্রহসনের বিচার নয়। তিনি যদি ফিরতে চান, তবে ভারতকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে বলতে পারেন। আমরা তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত চাই। ব্যস, এটাই।”
এ সময় শেখ হাসিনার আইনি প্রতিনিধিত্বকারী লন্ডনভিত্তিক ল ফার্ম ও আইনজীবীদের প্রতি কড়া বার্তা দেন হুমায়ুন কবির। আর্থিক লাভের আশায় শুধু অর্থের পেছনে না ছুটে আইনজীবীদের নৈতিক ও চারিত্রিক সীমারেখা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ক্লায়েন্টের দুর্গন্ধযুক্ত টাকার পেছনে না ছুটে বাংলাদেশের মানুষের প্রতি কিছুটা নৈতিকতা দেখানো উচিত। যুক্তরাজ্যের আইন এবং ন্যাশনাল সিকিউরিটি কনসার্নগুলোর বিষয়ও তাদের মাথায় রাখা দরকার।”
শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের অন্য জ্যেষ্ঠ নেতাদের পলাতক ও দেশের সম্পদ লুটকারী হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দণ্ডিতদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। রাজনৈতিকভাবে এ ধরনের ভিত্তিহীন আবেদন নিয়ে রাষ্ট্রীয় সময় নষ্ট করার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি।
পড়ুন : শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন সম্পূর্ণ ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর
সা/


