জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)-এর কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১) সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র সচিব এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র সচিব জানান, জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সফরকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
এর আগে সম্প্রতি ৫ দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর সম্পন্ন করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২৭ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। উক্ত সফরে তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা ছিলেন। যুক্তরাষ্ট্র সফরকালে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।
নিউইয়র্ক অবস্থানকালে জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। তা ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে কথা বলেন। পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের সঙ্গেও বৈঠক করেন তিনি। সফরের শুরুতে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত প্রাতরাশ এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে স্ত্রীসহ অংশ নেন প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্র সফর শেষ করে আসার কিছুদিন পর, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর ৪ দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি শেষ করে ২৯ অক্টোবর দেশে ফেরেন তিনি। ওই সফরে দু’দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক, ২টি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র স্বাক্ষরিত হয়।
পড়ুন : শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন সম্পূর্ণ ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর
সা/


