মেধাবিকাশ ও মেধার মূল্যায়নে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আল্লামা শাহ্ জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাই স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।
পশ্চিম নানুপুর মনু পণ্ডিত বাড়ি ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে দশম বারের মতো আয়োজিত এ মেধা যাচাই প্রতিযোগিতায় দক্ষিণ ফটিকছড়ি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
গত ৩ অক্টোবর পশ্চিম নানুপুর মন্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই অধিবেশনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির এবং সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা শাহ্ জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাই-এর সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা শরীফ উদ্দিন বিন জমির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুসা সওদাগর, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান তৌহিদুল আলম, প্যানেল চেয়ারম্যান আফাজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
অতিথিরা ইয়ং স্টার ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইয়ং স্টার ক্লাবের সভাপতি মো. সাফায়েত উল্লাহর নেতৃত্বে ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, এ মেধাবৃত্তি কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ৯ অক্টোবর শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইয়ং স্টার ক্লাবের এ ধারাবাহিক উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বৃহৎ পরিসরে অব্যাহত থাকবে।
পড়ুন : সীতাকুণ্ডে মাদকবিরোধী র্যালি, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা


