মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা ও কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার করেছে ৪৭ বিজিবি। আজ রোববার (১১ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এর তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১ বোতল ফেনসিডিল, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, কাজিপুর সীমান্তের হাজীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৯ বোতল মদ উদ্ধার করে বিজিবির একটি টহল দল। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। দুটি অভিযানে উদ্ধার করা মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা। উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে এ বিষয়ে একটি মামলা বের করা হয়েছে।
পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
সা/


