‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
সভায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি গ্রহণের প্রবণতা কমাতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্টদের নিজ নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায়, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।
তিনি আরও বলেন, খুলনা নগরীর সৌন্দর্যবর্ধনে সড়ক ও সরকারি ভবনগুলোতে রং করা এবং বৃক্ষরোপণের উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যানজট ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
সভায় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে বিভিন্ন দপ্তরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় গাড়ি রিকুইজিশন, বিশ্রামস্থল ও হেলিপ্যাড প্রস্তুত, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা, অগ্নিনির্বাপণ এবং নিরাপত্তা পাসসহ প্রয়োজনীয় কার্যক্রম সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) খুলনার পরিচালক আহমেদ কবীর, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : শ্রীপুরে ভুয়া বিলে খাদ্য গুদাম কর্মকর্তার অর্থ আত্মসাৎ


