নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে মিছিল করেছেন তাঁদের সমর্থকরা।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ কোর্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কালো পতাকা নিয়ে মিছিলটি শহরের চাষাঢ়া জিয়া হল পর্যন্ত যায়। এতে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সাধারণ আইনজীবী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে বক্তব্যে আনোয়ার প্রধান বলেন, ‘যেসব নেতৃবৃন্দ অবৈধভাবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমার এবং শেখ আঞ্জুম আহমেদ রিফাতের গর্বিত পদ স্থগিত করেছেন, তাঁদের প্রতি ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। আমাদের পদ তো আপনারা স্থগিত করেছেন। তারপরও আমরা রাস্তাঘাটে মানুষের সঙ্গে খোলামেলাভাবে চলাচল করছি। আপনার পদ চলে গেলে আপনি কিন্তু এভাবে খোলামেলাভাবে চলতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘আপনার পথ মসৃণ নয়, এটা আপনার জানা উচিত। আপনি নারায়ণগঞ্জ বিএনপিকে কলঙ্কিত করেছেন। বিএনপি আপনার ১৭ বছরের সংগ্রামকে মূল্যায়ন করবে ঠিকই, কিন্তু আমাদের প্রতি যে অবিচার করেছেন, তার প্রতিদান আপনাকে দেবে। সেদিন আপনি আমাদের মতো এভাবে পথ চলতে পারবেন না।’
আনোয়ার প্রধান আরও বলেন, ‘এখনো ভালোয় ভালোয় সময় রয়েছে। বিএনপি নেতাদের অপদস্ত করবেন না। আপনি ভালো হয়ে যান।’
পড়ুন : সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের আশ্বাস রেলমন্ত্রীর


