বলিউড তারকা ইমরান হাশমির আগামী নতুন চলচ্চিত্রের শুটিং সেটে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যাকশন দৃশ্যের ধারণ চলাকালীন শূন্যে ক্রেনে ঝোলানো একটি গাড়ি হঠাৎ উল্টে গিয়ে নিচে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে। গাড়িটি সরাসরি ইমরান হাশমির চেহারার খুব কাছাকাছি চলে আসায় অল্পের জন্য মারাত্মক বিপদের হাত থেকে রক্ষা পান এই অভিনেতা। তবে এ ঘটনায় কেউ জখম হয়েছেন কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
এনডিটিভির এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি৯’ নামক সিনেমার শেষ দৃশ্যের (ক্লাইম্যাক্স) ধারণের সময় এই অনভিপ্রেত ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া শুটিংয়ের নেপথ্যের একটি ভিডিও চিত্রে দেখা যায়, ক্রেনের সাহায্যে উঁচুতে তোলা একটি গাড়ি মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ডিগবাজি খায় এবং নিচে থাকা একটি কালো রঙের ভ্যানের ওপর ধপাস করে পড়ে। সে সময় গাড়িটি ইমরান হাশমির মুখের একদম কাছে চলে এসেছিল। পুরো বিষয়টি আগে থেকে স্ক্রিপ্ট করা অ্যাকশন দৃশ্য ছিল নাকি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে, তা এখনো অস্পষ্ট। চলচ্চিত্রটির প্রযোজনা দল থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, সিনেমাটির দৃশ্য ধারণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত জুন মাসে উত্তরাখণ্ডের হরিদ্বারে চিত্রগ্রহণের সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেটের বার (Bar)-এর মতো দেখতে একটি দৃশ্যপটকে সত্যি বার মনে করে স্থানীয়রা ভুল বোঝাবুঝির তৈরি করলে পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সেই ঝামেলা মেটানো হয়।
ঐ ঘটনার পর ছবিটির প্রযোজক দীপক মুকুট জানিয়েছিলেন, তারা কাউকেই আঘাত দিতে চাননি। সকল নিয়ম ও সরঞ্জাম মেনেই কাজ চলছিল এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেই বিষয়টির সুরাহা করা হয়েছিল।
আদিত্য দত্তর পরিচালনায় তৈরি হতে যাওয়া অ্যাকশন-রোমান্টিক ধারার ‘গানমাস্টার জি৯’ চলচ্চিত্রে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জেনেলিয়া ডি’সুজা, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। সিনেমাটি ২০২৬ সালের ২৭ নভেম্বর সারা বিশ্বে মুক্তির জন্য নির্ধারিত রয়েছে।
প্রসঙ্গত, দর্শক ইমরান হাশমিকে সবশেষ ‘আওয়ারাপন টু’ চলচ্চিত্রে দেখেছেন। এবার নতুন সিনেমার সেটে এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনার মুখোমুখি হয়ে ফের চর্চায় এলেন এই তারকা।
পড়ুন : ৪০০টি পরিবারের এক বছরের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
সা/


