মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

কেউ তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট চশমা, কেউ রোবটিক হাত, আবার কেউ নদী ও জলাশয়ের বর্জ্য অপসারণের প্রযুক্তি। পরিবেশ সংরক্ষণ, চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে নিজেদের মেধার পরিচয় দিয়েছে খুদে বিজ্ঞানীরা। এসব উদ্ভাবনের স্বীকৃতি দিয়ে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এমডিআইসি) দুই দিনব্যাপী ‘এমডিআইসি স্টেম ফেস্ট ২০২৬-২৭’।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবে রাজধানী ও আশপাশের প্রায় ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী। এতে রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তাবিষয়ক বিভিন্ন প্রকল্প তুলে ধরে শিক্ষার্থীরা।

প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় মাহিমা আহমেদ ও তাঁর দলের তৈরি ‘রোবটিক হ্যান্ড’ ও ‘ব্লাইন্ড ম্যান হেল্পার’ বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে, ‘সার্কুলার ব্লু’ নামের একটি প্রকল্পের মাধ্যমে নদী ও জলাশয় থেকে বর্জ্য সংগ্রহের প্রযুক্তি তুলে ধরে শিক্ষার্থীরা। এ ছাড়া চিকিৎসা প্রযুক্তি, পুনর্ব্যবহার ও পরিবেশ সুরক্ষাবিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়।

স্টেম ফেস্টের আহ্বায়ক ও মানারাত সায়েন্স ক্লাবের ইনচার্জ ড. মো. মাকসুদুল আলম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন ও চিকিৎসা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সমস্যা সমাধানের মানসিকতা গড়ে তুলতে হবে। স্টেম শিক্ষা কেবল চারটি বিষয়ের পাঠদান নয়; বরং কৌতূহল, নতুন কিছু চেষ্টা এবং ধাপে ধাপে শেখার মানসিকতা তৈরির মাধ্যম।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল স. ম. মাহবুব উল আলম বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী দক্ষতা ও বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করতে হবে। মানবকল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মানসিকতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ও আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফজলে ইলাহী বলেন, দেশের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র গঠন ও সামাজিক দায়বদ্ধতার প্রতিও সচেতন হতে হবে।

মানারাত ট্রাস্টের একাডেমিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের দায়িত্বশীল ব্যবহারে গুরুত্বারোপ করেন।

দুই দিনব্যাপী এ আয়োজনে গণিত, সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অলিম্পিয়াডের পাশাপাশি রোবোটিকস, মাইনক্রাফটভিত্তিক কার্যক্রম, ট্রেজার হান্ট ও প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : সাভারে ইয়ামিন হত্যা মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন