বাংলাদেশকে নিয়ে সতর্ক আফগানিস্তান কোচ

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে ফাইনালে ওঠার লড়াই আরও জমে উঠেছে। লিগ পর্বের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। তিন দলের পয়েন্ট সমান ২ করে হলেও নেট রান রেটে এগিয়ে থাকার কারণে ফাইনালে ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান। ফলে ফাইনাল নিশ্চিত করতে হলে বাংলাদেশকে শুধু জয় পেলেই চলবে না, হিসাব মেলাতে হবে নেট রান রেটেরও।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ের পরও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস। তার মতে, বাংলাদেশ যেকোনো সময় শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। বিশেষ করে নিজেদের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স আফগান শিবিরকে সতর্ক করে দিচ্ছে।

গতকাল জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে নিজের ভাবনার কথা জানান পাইবাস। তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। তারা সব ফরম্যাটেই অনেক উন্নতি করেছে। মাঠে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ব্যাপারটা আমরা জানি। মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’

আফগান কোচের এই বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে মোটেও সহজভাবে দেখছে না দলটি। কারণ, ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ম্যাচের ফলাফল ও রান ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে বড় সুযোগ এই ম্যাচ।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে আফগানিস্তান। ১৫৮ রানের বড় জয় তাদের নেট রান রেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই ব্যবধানের হার জিম্বাবুয়েকে কঠিন সমীকরণের মুখে ঠেলে দিয়েছে। ম্যাচে জিম্বাবুয়ে ১৯৬ রান অতিক্রম করতে পারলে ফাইনালে ওঠার সুযোগ নিশ্চিত করতে পারত। কিন্তু তার আগেই অলআউট হয়ে যায় দলটি।

জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ব্রায়ান বেনেট অবশ্য ফাইনালের সমীকরণ নিয়ে খুব একটা মাথা ঘামাননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, আমার একদমই ধারণা নেই।’

ম্যাচের পারফরম্যান্স নিয়ে বেনেট জানান, আগের ম্যাচের তুলনায় এবার উইকেটের আচরণ ছিল ভিন্ন। তার মতে, প্রথম ম্যাচের মতো সুইং না থাকায় ব্যাটিংয়ের জন্য পরিস্থিতি ভালো ছিল। কিন্তু ব্যাটাররা সেই সুবিধা কাজে লাগাতে পারেননি।

বেনেট বলেন, ‘প্রথম ম্যাচের মতো সুইং হয়নি আজকে। উইকেট অনেক ভালো ছিল আজকে। ব্যাটাররা আজকে নিজেদের কাজটা করতে পারেনি। এজন্য আমরা আজ হেরেছি।’

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে এখন বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। পয়েন্ট সমান থাকায় নেট রান রেটের হিসাবই নির্ধারণ করতে পারে কোন দল ফাইনালে খেলবে। তাই বাংলাদেশের লক্ষ্য থাকবে দ্রুত ও কার্যকর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও প্রতিপক্ষকে চাপে রাখা।

আফগানিস্তান বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। তবে বাংলাদেশের সামর্থ্য নিয়ে তাদের কোচের সতর্ক মন্তব্য ম্যাচটির গুরুত্ব আরও বাড়িয়েছে। নিজেদের সেরাটা দিতে পারলে বাংলাদেশও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে।

সব মিলিয়ে লিগ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত বাঁচা-মরার লড়াই। ফাইনালে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জয় নিশ্চিত করার পাশাপাশি নেট রান রেটের সমীকরণও নিজেদের পক্ষে আনতে হবে। অন্যদিকে আফগানিস্তান চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করতে। দুই দলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা ফাইনালে জায়গা করে নেয়, সেটিই এখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

পড়ুন:অতলের শতকে জিম্বাবুয়েকে বিরাট লক্ষ্য দিল আফগানিস্তান

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন