পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় অর্পিতা বেপারী (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তার মা রিনা বেপারী (৩৫)।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে কালীগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৫০ জনের বেশি যাত্রী ও কয়েকটি মোটরসাইকেল ছিল বলে জানা গেছে।
নিহত অর্পিতা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের সংকর বেপারীর মেয়ে। তার বাবা ঢাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন সংকর বেপারী। সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকায় পূজা দেখে ট্রলারে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। ট্রলারডুবির পর অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মা-মেয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ সময় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রবল স্রোত ও রাতের কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে আবারও অভিযান শুরুর কথা রয়েছে। নিখোঁজ রিনা বেপারীকে উদ্ধারে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পড়ুন:নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩০
ইমি/


