নেত্রকোনায় বিজিবি’র অভিযানে মদ, কয়লা ও কম্বলসহ চোরাচালান জব্দ

সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের নিরলস নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা সীমান্তে টানা অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। গত শনি ও রবিবার (২৪ ও ২৫ অক্টোবর) জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মদ, কয়লা, কম্বল ও খাদ্যদ্রব্য জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ৩১ বিজিবি’র অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে সীমান্তে চোরাকারবারীদের তৎপরতা রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিনে ৩১ বিজিবি’র আওতাধীন বিজয়পুর, নলুয়াপাড়া ও মুন্সিপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) টহল দলগুলো অভিযানগুলো পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে বিজয়পুর বিওপি’র একটি টহল দল সোমেশ্বরী নদীতে অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৫২ এমপি থেকে ছয়শো গজ ভেতরে বাংলাদেশের জলসীমা থেকে মালিকবিহীন অবস্থায় পাঁচ হাজার দুইশো কেজি ভারতীয় কয়লা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ চার হাজার টাকা। এর আগে শনিবার রাত পৌনে ১০টার দিকে একই বিওপি’র সদস্যরা পশ্চিম বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ৯০ কেজি ফুচকা এবং ৫৫ প্যাকেট শনপাপড়ি জব্দ করে, যার মূল্য ৫২ হাজার একশো টাকা।

মাদক প্রতিরোধেও বিজিবি’র কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। রবিবার গভীর রাতে (ভোর সোয়া ৩টায়) মুন্সিপাড়া বিওপি’র টহল দল গিলাগড়া নামক স্থানে অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৪০/৮-এস থেকে পাঁচশো গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে একটি ঠেলাগাড়িসহ ১১৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য ধরা হয়েছে এক লাখ ৮৩ হাজার পাঁচশো টাকা। এছাড়া শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে একই এলাকার কড়াইগড়া থেকে আরও ৬ বোতল ভারতীয় মদ (মূল্য ৯ হাজার টাকা) উদ্ধার করে মুন্সিপাড়া বিওপি।

অন্যদিকে, শীতকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় কম্বল নিয়ে আসার চেষ্টাও রুখে দিয়েছে বিজিবি। রবিবার ভোর সোয়া ৫টার দিকে নলুয়াপাড়া বিওপি’র টহল দল ফারাংপাড়া নামক স্থান থেকে ৫০ হাজার টাকা মূল্যের ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করে। ঠিক আগের দিন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে একই বিওপি টিলাপাড়া এলাকা থেকে এক লাখ টাকা মূল্যের আরও ২০ পিস ভারতীয় কম্বল আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, গত দুই দিনের ধারাবাহিক অভিযানে জব্দকৃত মালামালের সিজার মূল্য চার লাখ ৯৮ হাজার ছয়শো টাকা। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ঠেলাগাড়ি নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য পণ্যসামগ্রী (কয়লা, কম্বল ও খাদ্যদ্রব্য) নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন : ডিসেম্বর ঘিরে অস্থিরতার চেষ্টা, নিরাপত্তার ফাঁক গলে সক্রিয় কারা?

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন