যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে চল্লিশোর্ধ্ব খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন ও দেওটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ ম্যাচের আয়োজন করা হয়।
উপজেলার আবিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচের আয়োজন করেন আমিশাপাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আশরাফ আহমেদ এবং দেওটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেদ আলম।
আয়োজক আশরাফ আহমেদ বলেন, বর্তমান সময়ে নানা কারণে মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, যা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে খেলাধুলার মাধ্যমে দুই ইউনিয়নের মানুষের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার বার্তাও দেওয়া হয়।
তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, সমাজ ও তরুণদের সম্মিলিত উদ্যোগও জরুরি। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে। তাই যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার আয়োজন এবং মাঠমুখী পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য ভুলে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
ম্যাচের নির্ধারিত সময়ে আমিশাপাড়া ইউনিয়ন ও দেওটি ইউনিয়নের মধ্যে ১-১ গোলে খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে আমিশাপাড়া ইউনিয়ন ৪-২ গোলে দেওটি ইউনিয়নকে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম মামুন, দেওটি ইউনিয়ন বিএনপি নেতা লোকমান হোসেন, আমিশাপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজু আহমেদ, দেওটি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার পিন্টু, আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাতুল হাসান এবং প্রবাসী রনি ও জহিরসহ দুই ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আয়োজক রাসেদ আলম আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে, মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে পড়বে এবং দুই ইউনিয়নের মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
পড়ুন : দিনাজপুরে বিসিবি’র বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাই সম্পন্ন


