লক্ষ্মীপুরে গলায় ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। মাদক কারবারের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ির একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুয়েল ওই এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে কে বা কারা জুয়েলকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর বাগানে মরদেহ ফেলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পড়ুন : টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা
সা/


