ফটিকছড়ির হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে বিহার পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রণবীর বড়ুয়া ও সহ সাধারণ সম্পাদক সুমিত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মশুদ্ধি, সংযম ও বিশ্বশান্তির প্রত্যাশার এক গুরুত্বপূর্ণ দিন। তিন মাসের বর্ষাবাস শেষে এ পূর্ণিমা উদযাপিত হয়। এ উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও ফানুস উত্তোলনের আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে ফটিকছড়ির ৩১ টি বৌদ্ধবিহারে অত্যান্ত আনন্দঘন পরিবেশে ফানুস উৎসব পালিত হয়েছে।
ফানুস উত্তোলনের মধ্য দিয়ে ভক্তরা ধর্মীয় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল, বিশ্বশান্তি এবং সকল প্রাণীর সুখ-সমৃদ্ধি কামনা করেন। প্রবারণা পূর্ণিমার মূল শিক্ষাও হলো আত্মশুদ্ধি, ভুলত্রুটি সংশোধন, অহিংসা ও মানুষের প্রতি মৈত্রীভাব গড়ে তোলা।
এ আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা আরও ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পড়ুন : ইসরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জন্য কী বদলাবে?
সা/


