নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রাইভেটকারের ধাক্কায় পারভীন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইয়ের মেয়ে শিশু ছোঁয়া (৮) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের পূর্ব কেওডালা মুসলিমপাড়া এলাকায় রহমান স্পোর্টস বিল্ডিংয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভীন পূর্ব কেওডালা এলাকার মুনসুর আলীর মেয়ে। আহত শিশু ছোঁয়া একই এলাকার মো. রুবেলের মেয়ে।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা-গ-১১-০২৩৯ নম্বরের একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে পারভীন ও শিশু ছোঁয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক মো. মেহেদী হাসান পলাশ (৩১) নিজেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে এবং প্রাইভেটকারটি জব্দ করে। আহতদের প্রথমে স্থানীয় আল বারাকাহ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫ মিনিটে পারভীনকে মৃত ঘোষণা করেন। আহত শিশু ছোঁয়া বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আল মামুন জানান, দুর্ঘটনায় আহতদের চালক নিজেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ চালককে আটক করে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত
সা/


