উপকূলীয় অঞ্চলে সমুদ্রগামী জেলেদের জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জরুরি সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) ‘প্রদৃপ্ত’ প্রকল্পের আয়োজনে উপজেলার নিবন্ধিত সমুদ্রগামী জেলেদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ সকল উপকরণ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের অর্থায়নে জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রতিটি জেলে ট্রলারের জন্য পাঁচটি বাঁশি, একটি টর্চ লাইট, পাঁচটি লাইফ বয়া ও পাঁচটি লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, ছোটবাইশদিয়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান কামাল পাশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রতি বছরই অনেক জেলে জীবন ও সম্পদের নানা ক্ষয়ক্ষতির মুখে পড়েন। সমুদ্রে মাছ ধরার সময় জেলেদের নিরাপদ রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সুরক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন স্থানীয় জেলেরা। সুবিধাভোগী একাধিক জেলে জানান, গভীর সমুদ্রে আকস্মিক ঝড়-ঝঞ্ঝার কবলে পড়লে এই উপকরণগুলো তাদের প্রাণরক্ষায় দারুণ ভূমিকা রাখবে।
পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৮৮৬
সা/


