মেহেরপুরের গাংনী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা ও বিভিন্ন মালামালসহ রুবেল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ৪৭ বিজিবির রংমহল বিওপির একটি টহল দল উপজেলার খাসমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক রুবেল হোসেন গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ভারতীয় এক বোতল মদ, ১০ পিস ইয়াবা, একটি স্বর্ণের আংটি, একটি এয়ারপড, দুটি সিম কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদ কামাল রনি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮ হাজার ৪২০ টাকা।
আটক রুবেল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন:চট্টগ্রামে ৭৫ বছরের বৃদ্ধাকে হত্যা: ঘাতক ভাড়াটিয়া রিফাত ২৪ ঘণ্টায় খাঁচায়!
ইমি/


