চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত আনসার সদস্যদের সহযোগিতায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান এবং ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাবার ড্যাম ও আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
অভিযানকালে সংশ্লিষ্ট এলাকাগুলোর বিভিন্ন স্পট থেকে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত বেলচা ও ভেলাও জব্দ করা হয়।
জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নিমিত্তে প্রয়োজনীয় নোটিশ প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : টাঙ্গাইলে যাত্রীবাহি বাসের লাগেজ থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার


