সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের নেপথ্যে গড়ে উঠেছে বিশাল এক অবৈধ নেটওয়ার্ক। একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিষ প্রয়োগকারী থেকে শুরু করে বিষ সরবরাহকারী এবং এই অপরাধের সঙ্গে জড়িত কথিত প্রভাবশালীদের শনাক্ত করতে গিয়ে নতুন নতুন তথ্য পাচ্ছে পুলিশ। একে একে গ্রেপ্তার হচ্ছেন অভিযুক্তরা। এবার গ্রেপ্তার হয়েছেন মোংলার উপজেলা চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোশারেফ খাঁন(৫০)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চিলা ইউনিয়নের জয়মনি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ। পরে তাকে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে একই ঘটনায় সোহেল শেখ (৪৫), তার স্ত্রী লাইজু বেগম (৩০) এবং বিষ সরবরাহকারী হিসেবে অভিযুক্ত মো. সেলিম মিয়া (৫২) গ্রেপ্তার হন। তাদের জিজ্ঞাসাবাদে বিষ সরবরাহ ও সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য পায় পুলিশ।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস জানান, সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় গ্রেপ্তার সোহেল শেখ ও লাইজু বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে মোশারেফ খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব কাজে লাগিয়ে মোশারেফ খাঁন দীর্ঘদিন ধরে সুন্দরবনে একটি বিশাল অবৈধ নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এই চক্রের বিরুদ্ধে সুন্দরবনের নিষিদ্ধ খাল দখল, বিষ প্রয়োগে মাছ শিকার এবং অবৈধ জাল দিয়ে রেণু পোনা আহরণের অভিযোগ রয়েছে। চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদী-খালে বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলেও দাবি স্থানীয়দের।
এদিকে, সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মোংলা উপজেলা চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হাওলাদার বলেন, বর্তমানে তারেক জিয়ার বিএনপি কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয় না। এমনকি স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামও সুন্দরবনের দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দেন না। কেউ অপকর্ম করলে দল তার দায়ভার নেবে না। যার যার অপকর্মের ফল তাকেই ভোগ করতে হবে।
সুন্দরবনে বিষ প্রয়োগের ফলে মাছের প্রজনন, ডিম ও পোনা ধ্বংসের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণী ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। পরিবেশবিদদের মতে, শুধু মাছ শিকারিদের গ্রেপ্তার করলেই এ অপরাধ বন্ধ হবে না; এর পেছনে থাকা অর্থদাতা, বিষ সরবরাহকারী ও প্রভাবশালী নেটওয়ার্কের সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
সুন্দরবনের বিষকাণ্ডে একের পর এক গ্রেপ্তারের ঘটনায় এখন বড় প্রশ্ন—এই অবৈধ নেটওয়ার্কের নেপথ্যে আর কারা রয়েছেন? তদন্তে কি আরও প্রভাবশালী ব্যক্তিদের নাম বেরিয়ে আসবে! সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।
পড়ুন:দুই দেশের সীমান্তে ৩০ ঘণ্টা ধরে অসহায় এক নারী!
ইমি/


