সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও কারখানার পরিবেশ উন্নত না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।
অভিযান সূত্রে জানা যায়, রায়পুর এলাকার মেসার্স খান ফুডস প্রোডাক্টের কারখানায় অভিযান চালিয়ে ক্ষতিকারক রঙের ব্যবহার পাওয়া না গেলেও চিপসের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিএসটিআইয়ের মোড়কজাতকরণ লাইসেন্সের তথ্য না থাকার বিষয়টি হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মোঃ ইমন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানায় স্বাস্থ্যবিধি মেনে আধুনিক ড্রায়ার মেশিনে চিপস শুকানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং কারখানার পরিবেশ উন্নত না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, অভিযানের পাশাপাশি বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন : ধামরাইয়ে ৬ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ


