ফের উত্তপ্ত গাজীপুর : বাড়ছে সহিংসতা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সাড়ে ৯টার দিকে নতুন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। ছয়দানা, মালেকের বাড়ি ও হারিকেন এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। একপর্যায়ে ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।

মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে চলা শ্রমিক অসন্তোষ যেন কিছুতেই থামছে না। গত সোমবার মজুরি বোর্ডের সভা স্থগিতের পর মঙ্গলবার গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দিনভর সংঘর্ষ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে । এরই ধারাবাহিকতায় বুধবার সকালেও নতুন করে বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকরা।

সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও সাড়ে ৮টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে জড়ো হন কয়েকটি কারখানার শ্রমিক। পরে মালেকের বাড়ি ,হারিকেন ও গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানা-পুলিশ আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে শ্রমিকরা পিকেটিং শুরু করলে পুলিশ কয়েকদফায় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। একই সময় ডেগেরচালা রোড এলাকায় গাজীপুর মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শুধু মহাসড়ক অবরোধই নয়, কোনাবাড়ী শ্রীপুর সহ গাজীপুরের বিভিন্ন এলাকায়ও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে। কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে উৎপাদন ফ্লোরে অবস্থান করছেন।

শ্রমিক অসন্তোষের প্রভাবে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগের ঘোষণা অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। যদিও বুধবার সকালে বিভিন্ন এলাকার অনেক কারখানায় উৎপাদনও শুরু হয়েছিল।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, মহানগর পুলিশ, জেলা পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ‎সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন