চাকরির নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশের উন্নতির লক্ষ্যে ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট দিনাজপুর জেলা শাখা।
শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জোটের প্রতিনিধিবৃন্দ তাদের দাবি দ্রুত বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে উত্থাপিত ৮ দফা দাবিগুলো হলো—চাকরির নিশ্চয়তা ও নিয়োগপত্র প্রদান,বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ করা,ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ, যাতায়াত ভাতা প্রদান,নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ,সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা,উৎসব বোনাস ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান ও চাকরি শেষে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি কামরুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সন্দীপ বৈশ্য, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম রনি।
বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিরা দিনরাত পরিশ্রম করে কোম্পানির বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করলেও তাদের চাকরির কোনো নিরাপত্তা নেই। নিয়োগপত্র ছাড়াই বছরের পর বছর কাজ করানো হচ্ছে। ন্যায্য বেতন, ভাতা ও ছুটি থেকে তারা বঞ্চিত। অবিলম্বে ৮ দফা দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
পড়ুন : লকডাউনে প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে


