ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃতী সন্তান ও অভিনেতা সোহেল খান আর নেই। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে। মঙ্গলবার মাগরিবের নামাজের সময় নিজ গ্রাম রাজাপুরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বগুড়ার হোটেল মম ইনে অবস্থানকালে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা সোহেল খান। সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, তাঁরা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। ঘটনার দিন সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান।
পরে তাঁর মরদেহ নিজ গ্রাম ধামরাইয়ের রাজাপুরে নিয়ে আসা হয়। মাগরিবের নামাজের সময় জানাজা অনুষ্ঠিত হলে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজাপুরসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রিয় মানুষটির এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। অভিনয়জগতের সহকর্মীদের মধ্যেও তাঁর মৃত্যুতে শোকের প্রতিক্রিয়া দেখা গেছে।
পড়ুন : নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই


