সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে ২৫ নভেম্বর বিকেল ৪টায় পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপের প্রতিনিধি হিসেবে তাঁর ভাতিজা সোলায়মান সাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. রুস্তম আলী হাওলাদার, পাথরঘাটা উপজেলা বিএনপির অপর সাবেক যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন, কাকচিড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন শিকদার, চরদুয়ানি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল বাশার আকন, পাথরঘাটা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হারুন-অর রশিদ চাপরাশি, সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাকু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি এরফান আহমেদ সোয়েম, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক খাইরুল শরীফ, উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে ঘোষিত তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে—২৮ নভেম্বর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৯ নভেম্বর পাথরঘাটা বাজারের গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ এবং ৩০ নভেম্বর সহিংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা।
এ সময় পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুল ইসলাম মনির দিকনির্দেশনায় আপাতত উল্লেখিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা বিএনপি। পরবর্তীতে চিফ হুইপের দিকনির্দেশনা অনুযায়ী আরও কর্মসূচি গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলন শেষে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাথরঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পড়ুন : নওগাঁয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কার্যকরের দাবিতে স্মারকলিপি


