শিক্ষকতা শুধু একটি পেশা নয়, মানুষ গড়ার এক নিরন্তর সাধনা। দীর্ঘ ৩৯ বছর ধরে সেই সাধনায় নিজেকে নিবেদিত রেখেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা আক্তার। তাঁর হাত ধরে আলোর পথে হেঁটেছে অসংখ্য শিক্ষার্থী। কর্মজীবনের দীর্ঘ পথচলা শেষে এবার তাঁকে জানানো হলো ভালোবাসা ও শ্রদ্ধায় ভরা বিদায়।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) ও শিক্ষকদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি দেলোয়ার হোসেন জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন বেগম।
শিক্ষক মোহাম্মদ হাসিব আলী রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, মাহমুদা আক্তারের স্বামী সাবেক সরকারি কর্মকর্তা আব্দুল হান্নান ও সমাজসেবক ছোটন মিয়া।
বক্তারা বলেন, মাহমুদা আক্তার ছিলেন একজন ভালো মানুষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তিনি বিদ্যালয় পরিচালনা করেছেন। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন। দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে অবদান রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতা সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহমুদা আক্তার বলেন, ‘আজ আমার জীবনের জন্য একটি স্মরণীয় দিন। আমাকে এভাবে সম্মানিত করায় আমি খুবই আনন্দিত। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার সহযোগিতা পেয়েছি। তাঁদের এই ভালোবাসা আমার জীবনের বড় প্রাপ্তি।’
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা অবসরপ্রাপ্ত এই শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেন মাহমুদা আক্তার। দীর্ঘ কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও তাঁর হাতে গড়ে ওঠা শিক্ষার্থীদের স্মৃতি ও ভালোবাসায় তিনি বেঁচে থাকবেন বহুদিন।
পড়ুন : নারায়ণগঞ্জে বায়ুদূষণ: দুই স্টিল কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা


