নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, টিকাদান ও স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঞা, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী, সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুন করিম দোলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম হারুন-অর-রশিদ বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, উৎপাদনমুখী, নিরাপদ ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে খামারিদের প্রযুক্তিগত সহায়তা প্রদান, রোগ প্রতিরোধ, উন্নত জাত সম্প্রসারণ এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে প্রাণিসম্পদ বিভাগ।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদের উন্নয়নের মাধ্যমে নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে খামারিদের সচেতনতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা, পশু-পাখির টিকাদান ও শিক্ষার্থীদের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা করা হয়।
পড়ুন : আওয়ামী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ


