সিরাজগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলায় এক বছর ধরে হাজতবাসে থাকা মো. সুমন সরকার (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন সুমন। পরে দ্রুত তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে ভর্তির কিছুক্ষণ পর রাত আনুমানিক ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত সুমন সরকার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয় নগর গ্রামের মৃত কাবের সরকারের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে প্রায় এক বছর ধরে কারাগারে হাজতবাস করছিলেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত পাঁচ বছরে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জন পুরুষ বন্দির মৃত্যু হয়েছে। সুমনের মৃত্যু নিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ২২ জন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সুমনের স্ত্রী মোছা. জমেলা খাতুন বলেন, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাঁর ভাইয়ের মোবাইল ফোনে কারাগার থেকে খবর দেওয়া হয় যে তাঁর স্বামী মারা গেছেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি।
পড়ুন : আওয়ামী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ


