বালুর ঘাট, সড়ক ও হামলা-ভাঙচুর নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।

বালুর ঘাটের ইজারা, অপরিকল্পিত বালু উত্তোলন এবং সড়কের বেহাল দশাকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে সড়ক সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা ও দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হক, ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির শাহজাহান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সভাপতি একে বিশ্বাস বাবু কৌশলে ফ্যাসিস্টের দোসর হিসেবে পরিচিত মহিদুল কাউন্সিলরের কাছে বালুর ঘাটের ইজারার নাম হস্তান্তর করেন। এরপর ওই ঘাটে অপরিকল্পিত ও সীমাহীন বালু উত্তোলনের ফলে আশপাশের এলাকার পরিবেশ ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

মুফতি আমির হামজা বলেন, তিনি ওই এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় ভুক্তভোগীরা জনদুর্ভোগ কমাতে দ্রুত বালুর ঘাট বন্ধের দাবি জানান। পরে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এলাকার রাস্তার নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত বালু উত্তোলন বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে নেতাকর্মীদের ওপর হামলা ও জামায়াত কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সড়কের দুরবস্থা তুলে ধরে আমির হামজা বলেন, সড়কটির বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং কুষ্টিয়া পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছেন তিনি। কিন্তু এক দপ্তর আরেক দপ্তরের ওপর দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। এলজিইডি বলছে, সড়কটি তাদের আওতাধীন গুরুত্বপূর্ণ সড়ক নয়, অন্যদিকে পৌরসভা কর্তৃপক্ষ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকার কথা জানিয়েছে।

তিনি বলেন, একটি সড়ক নির্দিষ্ট পরিমাণ ভার বহনের উপযোগী করে নির্মাণের জন্য সরকার যে বরাদ্দ দেয়, সেখানে ৩০ থেকে ৪০ টন ওজনের যানবাহন চলাচল করলে সড়ক টেকসই হবে কীভাবে? সরকার হয়তো ১০ টন ভার বহনের উপযোগী সড়ক নির্মাণে ১০০ টাকা বরাদ্দ দিচ্ছে। অথচ অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি টিকিয়ে রাখতে কয়েক গুণ বেশি অর্থের প্রয়োজন হচ্ছে। সড়কে খোয়া ফেলা হলেও পিচ ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় কাজ আটকে রয়েছে।

আমির হামজা বলেন, ‘যতদিন পর্যন্ত সড়কটি চলাচলের উপযোগী করা না হবে, ততদিন ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা উচিত। রাজনীতি যদি মানুষের জন্য করি, তাহলে আগে মানুষের দিকে তাকাতে হবে। এই সড়কের কারণে স্থানীয় মানুষ, বিশেষ করে নারীরা ভোগান্তিতে পড়ছেন।’এ সময় ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির শাহজাহান আলীর বিরুদ্ধে বালুর ঘাট থেকে অর্থ দাবির অভিযোগের প্রসঙ্গ তুলে আমির হামজা বলেন, তাঁর বিরুদ্ধে প্রথমে ৩০ হাজার, পরে ৫০ হাজার এবং বর্তমানে প্রতিদিন এক লাখ টাকা দাবি করার অভিযোগ ছড়ানো হচ্ছে। এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে এমন অভিযোগ চাপিয়ে দেওয়া উচিত নয়।

নিজের আর্থিক স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বে থেকে সরকারি অর্থের মাধ্যমে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর কোনো সুযোগ তিনি দেবেন না। ব্যক্তিগত আয়-উপার্জন এবং সরকারি অর্থের অনিয়ম এক বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।রাজনৈতিক বক্তব্যে আমির হামজা অভিযোগ করেন, একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সমঝোতা করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। রাজনৈতিক বক্তব্য ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে মিল থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর প্রসঙ্গে আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে সবার। তাঁর কুষ্টিয়া সফরকে স্বাগত জানান তিনি। তবে সফরের আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে বের করার দাবি জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলে সংশ্লিষ্টদের নাম উল্লেখ করে বিষয়গুলো তুলে ধরবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুরে আদালতের রায় পাওয়া জমিতে গিয়ে হামলার অভিযোগ, আহত ৫

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন