সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নে ধোপাজান (চলতি) নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে একাধিক গ্রামের বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তা। নদীভাঙনের কারণে চরম ঝুঁকিতে রয়েছেন পুরান মথুরকান্দি, কুঁচগাঁও, সোনারপাড়া, আদাংসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। এ অবস্থায় নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কুঁচগাঁও এলাকায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে নদীভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধোপাজান নদীর অব্যাহত ভাঙনে এলাকার মানুষের বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তা ক্রমেই নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে অনেক পরিবার তাদের শেষ সম্বল বসতভিটা ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। কিন্তু দীর্ঘদিনেও ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।নদীভাঙন থেকে গ্রামগুলো রক্ষায় জরুরি ভিত্তিতে ব্লক স্থাপন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট ও সেতু নির্মাণ করতে হবে। শুধু সাময়িক উদ্যোগ নয়, ভাঙন প্রতিরোধে টেকসই ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, নদীভাঙনের কারণে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটছে তাঁদের। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে বহু পরিবারকে চরম দুর্ভোগে পড়তে হবে। তাই জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোশাঈদ আহমদ, জসীম উদ্দিন, শাহাজাহান, রুফসান আলী, সিরাজ মিয়া, মহর আলী, রবি মিয়া, আব্দুর রহমান, সিদ্দিক, জাকিরসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
পড়ুন : ছোট্ট শিক্ষার্থীদের বড় স্বপ্ন, মেধা অন্বেষণে বরগুনায় বৃত্তি পরীক্ষা


