নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পার্কিং করে রাখা একটি মিনিট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে গাড়িটি। এ ঘটনায় জড়িতরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে ফতুল্লার ভুইঘর কাজীপাড়া এলাকায় বাইতুল রাইয়ান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টা ১০ থেকে ১৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রাস্তার পাশে পার্কিং করা মিনিট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি দূর থেকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন পথচারী তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেল আরোহীরা দ্রুত সাইনবোর্ডের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজ জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন। তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিরাই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পড়ুন : ছোট্ট শিক্ষার্থীদের বড় স্বপ্ন, মেধা অন্বেষণে বরগুনায় বৃত্তি পরীক্ষা


