কমলা রঙ এখন শুধু একটি রঙ নয়, এটি নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতামুক্ত এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। সেই প্রতীককে সামনে রেখে বিশ্বজুড়ে চলছে ইউনাইটেড নেশন্স উইমেন-এর বৈশ্বিক প্রচারণা “অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড”।
২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রমে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সক্রিয় ভূমিকা পালন করছে ইনার হুইল ক্লাবগুলো।
তারই অংশ হিসেবে আজ ইনার হুইল ক্লাব অফ ইম্পেরিয়া ঢাকা, ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশ-এর উদ্যোগে চট্টগ্রামের বাশখালি উপজেলার
পূর্ব চেচুরিয়া খদুল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে কমলা রঙকে প্রাধান্য দিয়ে একটি পদযাত্রা ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ইনার হুইল ক্লাব অফ ইম্পেরিয়া ঢাকা’র প্রেসিডেন্ট মমতাজ জাহান হ্যাপি বলেন, “নারীর প্রতি সহিংসতা হয়তো একদিনেই দূর হবে না, তবে আমাদের সবারই আশাবাদী হওয়া উচিত- একদিন আমাদের এই পৃথিবী নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতামুক্ত হবে।
তিনি সহিংসতা বা হয়রানির ঘটনার বিরুদ্ধে প্রকাশ্যে ‘না’ বলা, এমন কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি যৌতুক, বাল্যবিবাহ, শিশু নির্যাতন এবং কন্যা ও পুত্র সন্তানের মধ্যে ভেদাভেদ না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
স্টপ ভায়োলেন্স প্রচারণার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অফ ইম্পেরিয়া ঢাকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং এবতেদায়িয়া মাদ্রাসার উপস্থিত ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ এবং খাবার বিতরণ করে।
সেমিনারে স্থানীয় ইউপি সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : আ.লীগের নৈরাজ্য ঠেকাতে ইদ্রিস মিয়ার কঠোর হুঁশিয়ারি


