সারা দেশের মতো পিরোজপুরেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় জেলায় মোট ১ লাখ ২০ হাজার ৭৯১ জন শিশুকে টিকা প্রদান করা হবে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১ হাজার ৭৫০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হচ্ছে। টিকাদান কার্যক্রম টানা ১১ কর্মদিবস পর্যন্ত চলবে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় শহরের করিমুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. মতিউর রহমান।
এদিকে জেলায় হাম রোগের পরিস্থিতি মোকাবিলায় নজরদারি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ১৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন হাসপাতালে ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধ সম্ভব। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন:মেহেরপুরে ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ আটক ১
দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার |
ইমি/


